Thursday, 24 April 2014

নিজেকে, নিজের মনে (To know Oneself)

                        নিজেকে, নিজের মনে


পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয় মানুষের মন। ‘কখন’, ‘কেন’, ‘কি’, করে সেই মানুষটা নিজেই হয়তো বুঝে উঠতে পারে না। আবার বোঝার বাইরে ও কখনও  অনেক কিছু থেকে যায়, যেখানে মানুষের নিজের ও নিয়ন্ত্রণ থাকে না।
       ‘অদ্ভুত’ কথাটা হয়ত বার বার ব্যবহার হয় সেই কারণে!
খুব শক্তিশালী মন যাঁদের আয়ত্তে, কঠিন নিয়ন্ত্রণে মনের চলাফেরা যাঁদের কাছে খুব সহজ কিছু, কখনও কখনও সেই তাঁরা ও বেমালুম হতবাক হয়ে যান নিজের মনের কাছে, আমাদের চারিদিকে এমন মানুষ ও কতশত!  
        অবশ্য একেবারে বড় বড় মানুষ অর্থাৎ সাধক-মহাপুরুষ-মহাজ্ঞানী যাঁরা তাঁরা আমাদের সকলের নমঃস্য, তাঁদের কথা বলছি না।
        আমি কেবল এই আমাদের মত সাধারন মানুষ, যারা নিজেরাই নিজেদের চিনেছি ঢের ভালো ভাবি, সেই তাদের কথাই বলছি। আমরাই তো প্রায়ই বলি ‘আরে বাবা আমি আমার মনের কথা জানবো না? বুঝবো না?’ সত্যিকথা বলতে গেলে বলতে হয়, ‘না’! বুঝি না! জানি না! সত্যি সত্যি আমরা কখনও কখনও আমাদের এই সহজ সাদা সিধে সরল মনটাকে চিনতে পারি না, ভীষনভাবে বুঝতে ভুল করি!
          কি ভাবছেন, কেন আবোল তাবোল বকছি? না মশাইরা আবোল তাবোল নয়! এই ‘মন’টাই যে প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়ে তো আমার সঙ্গে সহমত হবেন? আচ্ছা একটা ছোট্ট নির্ভেজাল সহজ প্রশ্ন রাখি আপনাদের কাছে, তাড়াহুড়ো করে দিতে হবে না জবাব, সত্যিকথা! ভেবেচিন্তে ধীরে সুস্থে উত্তর খুঁজুন-‘আপনারা নিজেদের জন্য সঠিক ভাবনাটি ভেবে ফেলতে কত সময় নেবেন? নিজের মনটাকে কতটা সঠিক ভাবে চিনেছেন? কখনও কখনও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের নিজের মনকে কতটা গুরুত্ব দিতে পারেন? কখনো কখনো কি কোনো ঘটনার পরে নিজের বিচার নিজের হাতে করেন? যদি করেন ও তাহলে সঠিক সিদ্ধান্তে পৌঁছোতে কত সময় লাগে?’
           আহা হা, রাগ করবেন না দয়া করে! ভাবছেন, কেন আমি এই সব উল্টো পাল্টা কথা-প্রশ্নে বৃথা সময় কেন নষ্ট করছি আপনাদের?
           না না, মাপ করবেন, আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে আসিনি এখানে, আমি শুধু আপনাদের প্রত্যেকের মনটাকে একটু গুরুত্ব দিতে অনুরোধ করছি, নিজের মূল্যবান ‘মন’টিকে চিনতে ভুল করবেন না, কেবল এই অনুরোধটুকু রাখতে চাই আপনাদের কাছে। নিজেকে চিনুন যতটা চেনেন তার থেকেও বেশী করে।
           আমি আমার নিজের অভিমতটা একটু বলি আপনাদের কাছে, এই আমার নিজের কোনো কোনো কাজে কখনও কখনও দেখেছি, যা ভেবেছিলাম তা না করে কেমন একটা অন্য কিছু করে ফেললাম! কেন করলাম তার কোনো সদুত্তর নিজের কাছে মেলে না! যা করব ভেবেছিলাম তা তো নিজেই ভেবেছি, যা করলাম তা ও তো নিজেই করলাম কিন্তু কেন এমন অন্যকিছু হয়ে গেল? জানি না! সত্যি আমি নিজে বলতে পারবো না কেন এমন হয়!
           জানি, বলবেন ‘নিজের উপর সামান্যতম নিয়ন্ত্রণ না থাকলে এমন হয়!’ মেনে নিচ্ছি আপনাদের কথা নির্বিচারে। হয়, এরকম ও হয়। এমনটাই স্বাভাবিক! কিন্তু আমি তো সাধারণ ভাবে বলছি না, যখন নিজের মনের জোর থাকে সাংঘাতিক ভালো, যখন নিজের উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ থাকে তখনও কিন্তু এমন অস্বাভাবিক ঘটনা ও ঘটতে পারে!
           আমার জীবনে অনেকবার ঘটে যাওয়া এই রকম অনেক ঘটনার পরিপ্রেক্ষিতেই তো আমার আপনাদের সামনে আসা।       
           ‘এমন কখনও হয় না আপনাদের?’ ভুলে গেছেন? নয়তো খেয়াল করেন নি! হয়তো এইসব সাধারণ বিষয়ে নষ্ট করার মত সময় খরচ করতে চাইছেন না! কিন্তু জগতে হাজার হাজার মূল্যবান চিন্তা ভাবনার মধ্যে নিজের ‘মন’টাকে একটু মূল্য দেওয়া যায় না কি?
           এইজন্যই তো আমার প্রশ্ন রাখছি এখানে, ‘আপনার নিজের মন কত খানি আপনার নিজের নিয়ন্ত্রণে চলে?’
           ভাবুন একবার, পৃথিবীতে কতশত মূল্যবান কাজ রয়েছে, আপনার কতকিছু ভালো ভালো কাজ করার ইচ্ছে, করে ফেলেছেন ইতিমধ্যেই কত ভাল কাজ, কিন্তু আপনার নিজের ‘মন’কে চিনেছেন, জেনেছেন? সে কতটা আপনার স্ব-নিয়ন্ত্রণে?
অথবা পুরোপুরি আপনার ‘মন’টা আপনার কাছেই আছে তো? সামান্য ভেবে বলুন!

                    -----------