মানবজমীন(Great Value Of Life)
কত জন্মের সাধনায় এই মানুষ জন্ম লাভ, একে কী নষ্ট
করতে হয় এমন যা তা ভাবে? যদিও আমাদের প্রত্যেকের জীবনবোধ আলাদা। পরিবেশ, পরিস্থিতি, এমন কি
প্রত্যেকের মনের গড়নও আলাদা। আলাদা ভাবনা চিন্তা, আলাদা বিচার বিবেচনা, আলাদা ভাবেই তুল্যমুল্য বিচার বোধে পাল্টে যায় মুল্যবোধও! তবে, সবাই তো আমরা মানুষ! এই আশ্চর্যসুন্দর বৃহৎ পৃথিবীর সভ্য দেশের নাগরিক। কিছু কিছু সাধারণ বিষয়ে তো একমত হতেই হয়। সে ক্ষেত্রে আমাদের সকলেরই সামাজিক দায়বদ্ধতা কিছু থাকবেই। বাসস্থানে, কর্মস্থলে, রাজ্যে, রাষ্ট্রে এবং
বিশ্বের প্রয়োজনে প্রত্যেকেরই যে কমবেশি কিছু ভুমিকা থাকে তা স্মরনে রাখতে হবে প্রত্যেককেই।
না! আমি জ্ঞান বিতরণ করতে বসিনি। এই মুহূর্তে, আমার কেবলই মনে হচ্ছে যতই
কেন না ব্যস্তসমস্ত হয়ে দৌড়ে বেড়াই, তা সত্বেও দিনের মধ্যে একবার হলেও নিজের
মুখোমুখি দাঁড়ানো দরকার।
যা
কিছু কাজ করছি সব ঠিক করছি তো? কখনও এমন কিছু করা উচিৎ নয় যাতে মানুষ নামের অর্থ
পাল্টে যায় কিম্বা নিজেকে মানুষ হিসেবে ভাবতে দ্বিধা হয় ক্ষণিকের জন্য, মুহূর্তের
জন্য হলেও!
হয়ত সবাই বলবেন, প্রত্যেকের জীবনেই কতশত
হাজার সমস্যা! কিন্তু সেইসব সমস্যার সমাধানও তো হাজারের বেশি থাকে। যদিও অনেকসময় আমাদের চোখের সামনে
অনেক মায়া-বিভ্রম ভেসে ওঠে, যা হয়ত বাস্তব সত্যের বিপরীতে অবস্থান করে! চকচকে জৌলুসে
চোখে ধাঁধা লাগে, ক্ষীনকায় সত্যের চেহারা চোখ এড়িয়ে যায় অজান্তেই। এবং তা হলেও আমার দৃঢ় বিশ্বাস সবাই সেসব কথা
বোঝেনও যথাযথ। তবুও, অর্থাৎ কখনও কখনও বুঝেও আমরা অনেক কিছু না বোঝার ভাণ করি। কেন? কেন করি নিজের সঙ্গে নিজের এমন লুকোচুরি খেলা?
হয়ত ফিরে দেখা হয় না নিজেকে কিছুতেই! হয়ত পাশ কাটিয়ে পালাতে চাই সন্তর্পণে, হয়ত অনায়াসে পাওয়া নিজের এই জীবনটার পরিপূর্ণ মুল্য বুঝতে মুশকিল হয়, কিংবা আমরা এত জটিলতায় নিজেকে রাখতে ভালোবাসি না!
তবুও আজ বলব, এই মানব জীবন অত্যন্ত দামী, দয়াকরে অযথা নষ্ট
করবেন না.... এই আমার একান্ত অনুরোধ, বিনম্র আবেদন রাখি সকলের কাছে। কি? এখন একটু হলেও ভাববেন তো?